
বিশেষ প্রতিনিধি :
ভারতের বৃহত্তম সমন্বিত পরিবহন ইউটিলিটি এবং শীর্ষ বন্দর উন্নয়ন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনোমিক জোন লিমিটেড (এপিএসইজেড) ৫০ কোটি টন কার্গো হ্যান্ডলিং-এর ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে।
এপ্রিলের শুরুতেই প্রতিষ্টানটি এই সফলতা অর্জন করেছে, যা একইসঙ্গে ভারতের অবকাঠামো অবকাঠামো-নির্ভর প্রবৃদ্ধির শক্তিকেও তুলে ধরছে। এপিএসইজেড এখন ২০৩০ সালের মধ্যে তাদের সক্ষমতা ১০০ কোটি টনে উন্নীত করার লক্ষ্যে নানান উদ্যোগ নিয়েছে।
এপিএসইজেড এর এই অর্জন শুধু পরিমাণগত সাফল্য নয়, বরং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি, কার্যকর পরিচালনা এবং জাতীয় উদ্দেশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি বিশ্বমানের লজিস্টিকস প্ল্যাটফর্মের প্রতিফলন।
১৯৯৮ সালে একটি একক বন্দর-কেন্দ্রিক ভাবনা থেকে শুরু করে আজ ভারত ও বিদেশে বিস্তৃত ১৯টি বন্দর ও টার্মিনালের নেটওয়ার্কে পরিণত হয়ে এপিএসইজেড ভারতের বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, “বন্দর শুধু বাণিজ্যের প্রবেশদ্বার নয়, এগুলো জাতীয় আত্মবিশ্বাস, প্রতিযোগিতা এবং ভবিষ্যতের প্রবেশদ্বার। আমাদের গ্রাহক, অংশীদার এবং এপিএসইজেড পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ, যাদের নিষ্ঠা ও বিশ্বাস এই মাইলফলক সম্ভব করেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিও আমি কৃতজ্ঞ, যাদের নীতিগত সহায়তা আমাদের এই ভিত্তি গড়ে তুলতে সাহায্য করেছে।”
‘এপিএসইজেড এর ৫০ কোটি টন অতিক্রম করা ভারতের প্রবৃদ্ধির ওপর আমাদের দীর্ঘমেয়াদি আস্থার প্রতীক। আমরা শুধু বন্দরই গড়ে তুলিনি, বরং বন্দর, রেল, সড়ক, ট্রাকিং, গুদাম এবং কার্গো গেটওয়ে নিয়ে একটি সমন্বিত পরিবহন ও লজিস্টিকস প্ল্যাটফর্ম তৈরি করেছি। এপিএসইজেড-এর সেরা সময় এখনো সামনে-আর ভারতের সেরাও সামনে,’ যোগ করেন তিনি।
৫০ কোটি টনে পৌঁছানোর এই যাত্রা ক্রমবর্ধমান দক্ষতা ও সক্ষমতার গল্প। প্রথম ১০ কোটি টনে পৌঁছাতে সময় লেগেছিলো ১৬ বছর। কিন্তু পরবর্তী প্রতি ১০ কোটি টন আগের তুলনায় দ্রুত অর্জিত হয়েছে, যা ‘এপিএসইজেড’র প্ল্যাটফর্মের বৃদ্ধি, দক্ষতা ও স্থিতিশীলতাকে তুলে ধরে। এখন কোম্পানিটি ২০৩০ সালের মধ্যে ১০০ কোটি টন কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
এপিএসইজেড ভারতের পশ্চিম, দক্ষিণ ও পূর্ব উপকূলে ১৫টি বন্দর ও টার্মিনাল পরিচালনা করে। এছাড়া তাদের রয়েছে ১২৭টি জাহাজের বহর, ১২টি মাল্টি-মোডাল লজিস্টিকস পার্ক, ৩.১ মিলিয়ন বর্গফুট গুদাম এবং ২৫,০০০-এর বেশি ট্রাকের নেটওয়ার্ক।
বর্তমানে এপিএসইজেড-এর কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বছরে ৬৩.৩ কোটি টন এবং এটি ভারতের মোট বন্দর ভলিউমের প্রায় ২৮ শতাংশ পরিচালনা করে। ২০৩০ সালের মধ্যে ১০০ কোটি টন লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :